সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামের ক্লিনিকের ব্রীজ থেকে উত্তরের কবরস্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
সম্প্রতি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ কমছর আহমদের নিকট ২নং ওয়ার্ডবাসীর স্বাক্ষরিত এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
আবেদন সূত্রে জানা যায়, বেতকোনা ক্লিনিকের সামনে থেকে উত্তরের কবরস্থান পর্যন্ত প্রায় ১৬৫০ ফুট দৈর্ঘ্যের একটি কাঁচা রাস্তা রয়েছে, যা গ্রামবাসীর চলাচলের একমাত্র প্রধান মাধ্যম। তবে দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি ও কাদা।
ফলে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে শুধু বেতকোনা নয়, পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে কাদা-পানির কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারে না। বিশেষ করে মুমূর্ষু ও জরুরি রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত পাকা করা জরুরি হয়ে পড়েছে। আবেদনপত্রে বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে ক্লিনিকের ব্রীজ থেকে কবরস্থান পর্যন্ত ১৬৫০ ফুট রাস্তাটি পাকা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।




