সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে দৈনন্দিন কর্মসূচির অংশ হিসেবে মধ্যনগর থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যনগর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় মধ্যনগর থানা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়। একই সঙ্গে বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আমাদের ওপর বিশ্বাস রাখুন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করুন। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।




