সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় হাফিজ নাঈম আহমদ আরিফের ফাঁসির রায় বাতিল ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সিলেট।
সাজানো ও মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবিতে আজ বাদ জুমা সিলেট বিভাগসহ বিভিন্ন এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগরী, সুনামগঞ্জ জেলা শহর, দিরাই, জগন্নাথপুর এবং হাফিজ নাঈমের নিজ গ্রাম সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে সর্বস্তরের আলেম সমাজ ও সাধারণ জনতা এই কর্মসূচিতে অংশ নেন।
জুমার নামাজ শেষে সিলেটের প্রধান প্রধান সড়ক ও শহরের বিভিন্ন গলিতে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।
এ সময় আন্দোলনকারীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা মামলার রায়কে ‘একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।
হাফিজ নাঈম আহমদ আরিফের ওপর চাপিয়ে দেওয়া ফাঁসির রায় অবিলম্বে বাতিল করতে হবে। এই মামলার অন্যান্য আসামিরা যেভাবে খালাস পেয়েছেন, ঠিক একইভাবে হাফিজ নাঈমকেও সম্পূর্ণ বেকসুর খালাস দিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সাজানো এই মিথ্যা মামলার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে।
বক্তারা বলেন, “হাফিজ নাঈম আহমদ আরিফ সম্পূর্ণ নির্দোষ। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মিথ্যা মামলায় জড়িয়েছে। যেখানে অন্য আসামিরা খালাস পেয়েছেন, সেখানে তাকে ফাঁসির রায় দেওয়া চরম অন্যায় ও পক্ষপাতমূলক। অনতিবিলম্বে এই রায় বাতিল করে তাকে মুক্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”




