আইন-আদালত

পাঁচ লক্ষ টাকা চাঁদা না পেয়ে গাগলাজুর গ্রামের প্রবাসীর বাড়িতে হামলা ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ · ১১:২৮ পিএম

​সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের গাগলাজুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। ​ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী প্রবাসীর ভাই আফজাল মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী প্রবাসী আফসার মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করলেও এলাকার সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবসময় নিয়োজিত থাকেন। সম্প্রতি ছুটিতে দেশে আসার পর থেকে গ্রামের একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তার পরিবারের ওপর অসন্তুষ্ট হয়ে নানা ষড়যন্ত্র শুরু করে।

​ঘটনার বর্ণনা দিয়ে প্রবাসী আফসার মিয়া বলেন, ​”আমি সবসময় শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পছন্দ করি। কিন্তু গ্রামের শানুর মিয়া, সুয়াইব মিয়া, দিলু মিয়া, আছাদ মিয়া ও আশরাফুল হকসহ তাদের দলবল আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।”

​তিনি আরও অভিযোগ করেন, কেবল বাড়িতে হামলা ও তাণ্ডব চালিয়েই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা; তার পরিবার এবং একই গ্রামের আব্দুল গফুর নামের এক ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী আফসার মিয়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
উপরোক্ত বিষয়ে অভিযুক্ত শাহানুর আলী মুঠোফোনে জানিয়েছেন, পূর্ব শত্রুরতার জেরে তারা আমাকে ফাঁসানোর জন্য চাঁদাবাজির নাটক সাজিয়ে এমন অভিযোগ করছে। বিষয়টি সম্পূর্ন বানোয়াট ও মিথ্যা।

​এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “অভিযোগ হস্তগত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পর্কিত সংবাদ