টানা অতিবৃষ্টির কারণে মাটির গোড়া নরম হয়ে সুনামগঞ্জের মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে অবস্থিত একটি শতবর্ষী রেন্টি গাছ শিকড়সহ উপড়ে পড়েছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাজারের কয়েকটি দোকান ও বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে বিশাল আকৃতির এই গাছটির গোড়ার মাটি চরম দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে গভীর রাতে গাছটি উপড়ে গিয়ে আশপাশের কয়েকটি দোকান ও ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের চালা ও দোকানের কিছু অংশ ধুমড়ে-মুচড়ে যায়। তবে ঘটনাটি গভীর রাতে ঘটায় বাজারে মানুষ না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও মধ্যনগর বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিদ্যুৎ সংযোগের বড় ঝুঁকি এড়িয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সমন্বিতভাবে গাছটি অপসারণের কাজ শুরু করেন।
মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার জানান, গাছের কয়েকটি বড় ডাল দোকান ও ঘরের ওপর পড়ায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় দ্রুত গাছটি অপসারণের কাজ চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই বাজারের স্বাভাবিক পরিবেশ ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে এই ঘটনার পর মধ্যনগর খাদ্যগুদামের বাউন্ডারির ভেতরে থাকা আরেকটি মৃত গাছ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। গাছটি পাশের একটি মাদ্রাসার ছাত্রাবাসের ওপর বিপজ্জনকভাবে হেলে রয়েছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সম্ভাব্য এই বিপর্যয় এড়াতে গাছটি দ্রুত কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
উপড়ে পড়া গাছটি দ্রুত অপসারণের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও, জনবহুল এলাকায় থাকা অন্যান্য ঝুঁকিপূর্ণ ও শতবর্ষী গাছগুলো নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।




