সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমাকে। তাঁর পদায়নের খবরে শান্তিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।
মঙ্গলবার জারি করা সরকারি প্রজ্ঞাপন/পরিপত্রের মাধ্যমে হিল্লোল চাকমাকে শান্তিগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
হিল্লোল চাকমা পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা শান্তিজীবন চাকমা এবং মা শশীরাণী চাকমা। প্রশাসনের একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
শান্তিগঞ্জে তাঁর নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। নবাগত ইউএনওর গতিশীল নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।




