দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে সুনামগঞ্জের মধ্যনগরে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ শীর্ষক বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে একতা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সিমরা নিবরাস জারা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে দুর্নীতির বিস্তার রোধে কেবল আইন দিয়ে নয়, সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ সমানভাবে জরুরি।”
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিতার্কিকরা বিষয়ের পক্ষে ও বিপক্ষে তাত্ত্বিক, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ যুক্তি তুলে ধরেন। তাদের তথ্যবহুল বক্তব্য ও গঠনমূলক যুক্তি উপস্থাপনা উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকদের প্রশংসা কুড়ায়। প্রতিযোগিতায় অসাধারণ যুক্তি ও বক্তব্য উপস্থাপনের জন্য মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সিমরা নিবরাস জারাকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম জিলানী, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং শ্রেষ্ঠ বক্তা সিমরা নিবরাস জারার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




