বিশেষ প্রতিবেদন

পশ্চিম মালিবাগে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

জিএম রাশেদ
জিএম রাশেদ
স্টাফ রিপোর্টার · শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ · ৫:৫৮ পিএম

রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মালিবাগ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কয়েক শতাধিক বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই পশ্চিম মালিবাগের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। দীর্ঘ সময় ধরে পানি নিষ্কাশন না হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা চললেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জমে থাকা পানিতে রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। একই সঙ্গে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

মানববন্ধনে বক্তব্য দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক তিনবারের কমিশনার আরিফুল ইসলাম আরিফ, অত্র সোসাইটির জয়েন্ট সেক্রেটারি মাহবুব আলম তৌহিদসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পশ্চিম মালিবাগ রাজধানীর একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। এর আশপাশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে জলাবদ্ধতার কারণে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী পশ্চিম মালিবাগের জলাবদ্ধতার স্থায়ী ও টেকসই সমাধানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিদ্যমান ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার ও সংস্কার, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়েও তারা বিবেচনা করবেন।

সম্পর্কিত সংবাদ