বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ।
সংসদীয় নীতি ও নিয়ম অনুসরণে তাকে এই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই ভূমিকার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক পর্যালোচনা, নীতি নির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবেন।
কয়ছর এম আহমেদ সংসদীয় কমিটির সদস্য মনোনীত হওয়ার সংবাদে সুনামগঞ্জ-৩ আসনজুড়ে বইছে আনন্দের আমেজ। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।
স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের মতে, জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কমিটিতে তার অন্তর্ভুক্তি সুনামগঞ্জ-৩ আসনের জন্য এক বড় অর্জন।
তাদের প্রত্যাশা,বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারে তিনি জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন। হাওরাঞ্চলের দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট দূর করতে উদ্যোগী হবেন।
স্থানীয় অবকাঠামো ও জ্বালানি সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নকে আরও বেগবান করবেন।
নতুন এই অর্জনে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে নিরবচ্ছিন্ন শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।




