আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার ২ নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, ও সফল ব্যবসায়ী, আমেরিকা প্রবাসী কাউছার আহমদ এলাকা ও সাধারণ মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও জন্মমাটি ও এলাকার মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে কাউছার আহমদ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। এলাকার পিছিয়ে পড়া মানুষের সেবায় আত্মনিয়োগ করা এবং ভাটিপাড়া ইউনিয়নকে একটি আধুনিক জবাবদিহিমূলক ও সুশাসিত মডেল ইউনিয়নে রূপান্তরিত করাই তার মূল লক্ষ্য।
এ বিষয়ে কাউছার আহমদ বলেন, প্রবাসী হলেও আমার মন-প্রাণ সব সময়ই জন্মভূমি ভাটিপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসায় আটকে থাকে। ক্ষমতার মোহে নয়, বরং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং ভাটিপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। জনগণের সহযোগিতা ও দোয়া পেলে অবহেলিত ভাটিপাড়াকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, কাউছার আহমদ চেয়ারম্যান পদে এলে ইউনিয়নে তরুণ নেতৃত্বের বিকাশ ঘটবে এবং প্রবাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার অবকাঠামো, শিক্ষা ও সামাজিক খাতের দ্রুত উন্নয়ন হবে।




