শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা খলিলুর রহমান। বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
পুরো সুনামগঞ্জ জেলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননায় ভূষিত হলেন।
অনুষ্ঠানে সাবেক বিচারপতি সৈয়দ মারগুব মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং কিং সিটি গ্রুপের চেয়ারম্যান মুরাদ পাটোয়ারী যৌথভাবে মাওলানা খলিলুর রহমানের হাতে এই সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন।
উল্লেখ্য, মাওলানা খলিলুর রহমান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের এক কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন।
সুনামগঞ্জের এই পরিচিত আলেম ও সমাজসেবকের জাতীয় পর্যায়ের এমন অর্জনে নিজ এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।




