বিশেষ প্রতিবেদন

সুনামগঞ্জের বানিপুর মাদরাসা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি: সংযম বজায় রাখার আহ্বান উলামায়ে কেরামের,কাল জরুরি বৈঠক

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ · ১১:১১ পিএম

সুনামগঞ্জের জামেয়া ইসলামিয়া মারকাজুল উলুম বর্মাউত্তর রামনগর বানিপুর মাদরাসাকে কেন্দ্র করে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জেলার সর্বস্তরের জনসাধারণ, ছাত্র-অভিভাবক ও মাদরাসার শুভানুধ্যায়ীদের শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম। পরিস্থিতি মোকাবেলায় কোনো ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে প্রচারণা কিংবা সংঘাতমূলক কর্মকাণ্ডে না জড়াতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, স্পর্শকাতর এই বিষয়টির সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে মাদরাসার শুরা সভাপতি ও এদারা বোর্ডের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছির সাহেবের নেতৃত্বে স্থানীয় আলেমরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিষয়টি সমাধানের জন্য প্রবীণ মুরুব্বি ও স্থানীয় সালিশ ব্যক্তিত্বদের সাথে আলোচনার উদ্দেশ্যে একটি বিশেষ ওলামা প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ এক বিশেষ আলোচনা শেষে এদারা মহাসচিব শায়খ আব্দুল বছির সাহেব আগামী ৩ অক্টোবর (শনিবার) বাদ-জোহর শহরের দারুল হাদীস তেঘরিয়া মাদরাসায় জেলার শীর্ষ উলামায়ে কেরামের এক জরুরি বৈঠক আহ্বান করেছেন।
উক্ত বিশেষ আলোচনায় উপস্থিত ছিলেন তেঘরিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি বদরুল আলম, হাছাননগর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন এবং মুহাম্মদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল ওয়াদুদ নোমান।
উলামায়ে কেরাম দ্বীনি প্রতিষ্ঠানের মর্যাদা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে ধৈর্য ধারণপূর্বক আলেম ও সালিশ ব্যক্তিত্বদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার জোর আহ্বান জানান। সেই সাথে উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে উঠে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

সম্পর্কিত সংবাদ