সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্যোগ নেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও শৃঙ্খলাবোধ জোরদার করার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করেন।
আলোচনায় ইভটিজিং, মাদকাসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নৈতিক শিক্ষা অনুসরণের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




