পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাখিমারা খালে এই অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ সময় জালের ভেতরে আটকে থাকা বহু সাপও মারা যায়।
অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসিন সাদেক।
তিনি বলেন, “অবৈধ চায়না দুয়ারি জাল দেশীয় মাছের প্রজনন ও জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। স্থানীয়দের আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অবৈধ কার্যক্রম রোধে প্রশাসনকে সহযোগিতা করেন।”
প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্স পটুয়াখালী-এর পক্ষ থেকে জানানো হয়,
“আমরা জলজ প্রাণী ও পরিবেশ রক্ষায় সবসময় সক্রিয়। অবৈধ চায়না দুয়ারি জাল মাছের প্রজনন ধ্বংস করছে এবং জীববৈচিত্র্য নষ্ট করছে। এতে আটকে পড়ে অনেক সাপসহ অন্যান্য প্রাণী মারা যাচ্ছে, যা প্রকৃতির জন্য ভয়াবহ ক্ষতি। আমরা প্রশাসনের সঙ্গে মিলে এই অভিযান অব্যাহত রাখব।”
স্থানীয়রা জানান, “আমরা বহুদিন ধরে এই অবৈধ জালের কারণে মাছের পরিমাণ কমে যাওয়া এবং নদীর জীববৈচিত্র্য নষ্ট হতে দেখছি। প্রশাসনের এই অভিযানকে আমরা স্বাগত জানাই এবং চাই নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করা হোক।”




