সকল বিদায়ের সঙ্গেই লুকিয়ে থাকে বেদনার কথকতা, থাকে আনন্দকাব্য। ২০২৫ সাল বিদায় নিলো। এই বছরটিকে বরণ করার সময় কেউ ভাবেনি যে, বছরটিও আগের বছরের মতো মানব জাতির জন্য এতটা বিষময় হবে। আমরা জানি, আনন্দ উচ্ছ্বাসে বরণ করা হয়েছিলো ২০২৪ কে, একইভাবে ২০২৫ সালকে। কিন্তু কাটলো আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে। প্রায় সারা বছরই থাকলো আপনজন হারানোর বেদনা, থাকলো কত আতঙ্ক আর উৎকণ্ঠা।
কুয়াশার চাদর ছিঁড়ে পূর্বাকাশে উঠেছে আজ নতুন সূর্য। নতুন বছরের নতুন দিন। স্বর্ণরাঙা উজ্জ্বল ভোর চারদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। নতুন আনন্দ নিয়ে এসেছে এ এক নতুন ভোর। প্রতিদিনের নিয়ম মেনে আজও উদিত হয়েছে এই সূর্য।
নতুন বছর সবসময় নিয়ে আসে নতুন বারতা।
ঘোষণা করা হয় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
প্রতিটি নতুন বর্ষে মানুষের নতুন করে আবির্ভাব ঘটে জীবনের পথে। সুন্দরের প্রত্যাশায় উদিত হয় নতুন সূর্য।
বছরের শেষ সূর্যোদয়ে মানুষের একান্ত প্রার্থনা থাকে আগামী প্রজন্ম যেন সুখের বারতা বয়ে আনে। আশা-নিরাশার দোলাচলে মানুষ এগিয়ে চলে স্বপ্নকে পুঁজি করে।
নতুন বছরে নতুন স্বপ্নকে ধারণ করে সামনে এগিয়ে চলার প্রয়াস প্রত্যেকেরই। বছর শেষে অপ্রাপ্তিগুলোর জন্য ব্যথিত না হয়ে বরং নতুন বছর উদযাপনের আয়োজনে সবাই ব্যস্ত সময় পার করে।
তাঁরা চান সবাই আগের মতো হাসি-খুশি থাকবেন, চলবেন উদ্বেগহীন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।




