লীড নিউজ

প্রবাসীদের ঈদ নিঃসঙ্গ বেদনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ৭ জুন ২০২৫ · ৮:৪২ পিএম

-আবদুর রহমান জামী

দেশের ঈদ মানেই এক অন্যরকম আবেগ, ভালোবাসা আর উৎসবের আমেজ। পরিবার-পরিজনের সাথে আনন্দঘন মুহূর্ত, সবার একসাথে ঈদের নামাজ আদায়, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো-সব মিলিয়ে এক অনন্য অনুভূতি।
কিন্তু প্রবাসীদের ঈদ কিছুটা ভিন্ন। এখানে নেই সেই চিরচেনা ঈদের আমেজ, নেই প্রিয়জনদের সান্নিধ্য।
প্রবাসজীবনে ঈদের দিন শুরু হয় এক ধরনের একাকীত্বের মধ্য দিয়ে। অনেকেরই ঈদের দিন কর্মব্যস্ততার মধ্যে কেটে যায়। কাজের দায়িত্বের কারণে ঈদের সকালেই যেতে হয় কাজে। কাজের ফাঁকে সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়, প্রিয়জনদের সাথে ফোনে বা ভিডিও কলে কথা বলা হয়। এতে কিছুটা হলেও পরিবারের কাছে থাকার অনুভূতি আসে। কর্মস্থলে থাকা প্রবাসীরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন।
•••
আমেরিকা প্রবাসী এক বাঙালি নারী অক্ষরকে জানিয়েছেন;ভোরে ঈদের জামাত শেষ করে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, ঈদের দিনেও বাচ্চাদের স্কুল খোলা থাকে, আমাদের আবার কিসের ঈদের আনন্দ?
•••
ইতালী বাঙালি প্রবাসী জানিয়েছেন; কোন রকম ঈদের জামাত পড়ে কাজে চলে যেতে হয়। ঈদের দিনেও কাজ করি, আমাদের মুখে ঈদ মনে হলেও মনের ভেরতে একটা হাহাকার কাজ করে, তবুও দেশে ফোন করে হাসি,কথা বলি।
•••
সৌদিআরব থেকে একজন জানিয়েছেন,ভোর মনে হয়েছিল আজ ঈদ, সারাদিন কাজে ছিলাম ঈদের কথা,ভুলে গেছি, বাড়ীতে ফোনে হাসিমুখে কথা বলেছি কাউকে বুঝতে দেইনি ঈদের দিনেও কাজ আছে।
•••
দুবাই থেকে একপ্রবাসী জানিয়েছেন;
সকালে ঈদের জামাত আদায় করে কাজে গিয়েছিলাম, সারাদিন ঈদের কথা মনেই আসেনি, আপনার সাথে কথা বলায় আবারো মনে পড়েছে ঈদের কথা……
•••
আত্মীয়-স্বজন ছাড়া ঈদ আসলে সম্পূর্ণ আনন্দদায়ক হয়ে ওঠে না।
দেশের ঈদ যেখানে পরিবার, বন্ধু-বান্ধব আর আত্মীয়দের সাথে আনন্দ-উৎসবে কাটে, সেখানে প্রবাসীদের ঈদ কিছুটা নিঃসঙ্গতার ছোঁয়া বয়ে আনে। ফোনের পর্দায় ভেসে ওঠা পরিবারের হাসিমুখ দেখে কিছুটা স্বস্তি পেলেও, কাছাকাছি থাকতে না পারার কষ্টটা থেকেই যায়।

তবুও, প্রবাসীরা চেষ্টা করেন নিজেদের মতো করে ঈদের আনন্দ খুঁজে নিতে। দূরদেশে থেকেও সবাই চেষ্টা করেন দেশের ঈদের আবহ যেন কিছুটা হলেও ফিরে আসে সবার মাঝে।
এইভাবেই প্রবাসের ঈদ হয়তো একটু ভিন্ন, কিন্তু ভালোবাসা আর ঐক্যের মাঝে দেশের ছোঁয়া ঠিকই অনুভব করা যায়। ঈদের দিনটি শেষ হয় একরাশ দুঃখ নিয়ে, আর আগামী ঈদে পরিবারের সাথে থাকার আশা নিয়ে।
তবুও প্রবাসীরা জানিয়েছেন ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!

সম্পর্কিত সংবাদ