৫ আগস্ট—জুলাই অভ্যুত্থানের দুই বছর। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার উত্তাল আন্দোলন, সংঘর্ষ ও আত্মত্যাগের মধ্য দিয়ে পতন ঘটেছিল এক স্বৈরাচারী শাসনের।
যে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে, তা শেষ পর্যন্ত রূপ নেয় এক অভূতপূর্ব গণআন্দোলনে, বাধ্য করে তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে। নিহতদের স্বজনদের বেদনা আর বিচারের দাবি আজও জাতীয় চেতনায় জাগ্রত।
এই মাটি অন্যায় সহ্য করলেও মেনে নেয় না—ইতিহাস তার সাক্ষী। এ জাতি শোষককে সংশোধনের সুযোগ দেয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিলে রাজপথে রক্ত ঢেলে তার জবাব দেয়। জুলাই গণঅভ্যুত্থান তাই অভূতপূর্ব হলেও এ জাতির সংগ্রামের ইতিহাসে অভাবিত কিছু নয়।
তবে বারবার স্বৈরাচারের পতন ঘটলেও জনগণের ভাগ্যের পরিবর্তন আর অধরা ‘সোনার হরিণ’ গণতন্ত্র পাওয়ার লড়াইয়ে কেবল শহীদের তালিকা দীর্ঘ হয়।
এই বৃত্ত ভেঙে আজ আমাদের প্রত্যাশা এক নবজাগরণের—যেখানে জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে গড়ে উঠবে বৈষম্যমুক্ত, ন্যায়ের নতুন বাংলাদেশ।।




