লীড নিউজ

ভাঙা সড়কে ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৯ মে ২০২৬ · ১:৫০ পিএম

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা-র চামরদানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নগদাপাড়া গ্রামের সামনে সড়ক ভেঙে যাওয়ায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে থাকলেও এখনো সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ভাঙা অংশে পানি জমে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে সাধারণ মানুষ, বৃদ্ধ ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন।
এ বিষয়ে একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদার বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত রাস্তাটি মেরামত করা অত্যন্ত জরুরি।”
এলাকাবাসী জানান, সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই পথে চলাচল করেন। কিন্তু রাস্তার ভাঙা অংশের কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় জনগণের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সড়কটি সংস্কার করা হোক, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

সম্পর্কিত সংবাদ