সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও দুর্গম গ্রামে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) দিনব্যাপী কার্যক্রম শেষে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তা প্রদানের ক্ষেত্রে এমন পরিবার ও গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন ধরেও কোনো সরকারি সুবিধার আওতায় আসার সুযোগ পায়নি। দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এসব পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া। প্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটে ওঠে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, “প্রশাসনের সেবার মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানো। যেসব মানুষ এখনো বিভিন্ন কারণে সরকারি সহায়তা থেকে বঞ্চিত, তাদের খুঁজে বের করে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দুর্যোগকালে অসহায় মানুষের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




