লীড নিউজ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

মো. তোফায়েল আহমদ:
মো. তোফায়েল আহমদ:
শান্তিগঞ্জ · রবিবার, ৫ জুলাই ২০২৬ · ১১:২০ এএম

সুনামগঞ্জ মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম ও ৫০০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে শান্তিগঞ্জ সমিতি সিলেট।

রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

এ সময় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি শোয়েব আহমদ, মো. মশিউর রহমান ও মো. তালেব হোসেন, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সিলেটস্থ মনাফ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান এবং কার্যকরী সদস্য সোহাগ ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হলেও প্রায় এক বছর ধরে হাসপাতালটির কার্যক্রম চালু করা হয়নি। ফলে মেডিকেল শিক্ষার্থীরা প্রয়োজনীয় ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জেলার লাখো মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন।

তারা আরও বলেন, হাসপাতাল ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল নিয়োগ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে হাসপাতাল চালুতে বিলম্ব হচ্ছে। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দীর্ঘদিন অচল থাকায় জেলার মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম চালু, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং ৫০০ শয্যার হাসপাতালের চিকিৎসাসেবা দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সম্পর্কিত সংবাদ