২৪ জুলাই: শুক্রবার বাদ আছর, বরিশাল নতুন বাজার সংলগ্ন আবু বকর (রা.) তাহফিজুল কুরআন মাদরাসায় ছাত্র জমিয়ত বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে বরিশালের পাঁচটি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রেরণাদায়ক তরবিয়াতী মজলিস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আবদুর রহমান সাব্বিত। তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আদর্শ, নৈতিকতা, দ্বীনি চেতনা ও উত্তম চরিত্রের সমন্বয়ে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সফলতা। তিনি শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি অর্জন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির। তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ইলম অর্জনের পাশাপাশি নিয়মিত আমল, উত্তম আখলাক, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার আহ্বায়ক হাফেজ সুলেমান মাহমুদ। সঞ্চালনা করেন মহানগর শাখার সদস্য সচিব হাফেজ জুবায়ের আহমাদ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, সদস্য হাফেজ রবিউল ইসলাম, সদস্য মোহাম্মদ সিয়ামসহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
তরবিয়াতী মজলিসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করেন এবং ভবিষ্যতে আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত তরবিয়াতী মজলিস শিক্ষার্থীদের আদর্শিক, নৈতিক ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সুশৃঙ্খল, আদর্শবান ও কল্যাণমুখী প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক
মোঃ আশিকুর রহমান
সদস্য : ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগর।




