সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তাবলিগ জামাতের উদ্যোগে বার্ষিক একদিনের জোর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ জোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জোরে দ্বীনের দাওয়াত, নামাজের গুরুত্ব, আমল-আখলাকের উন্নয়ন এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের দ্বীনি জীবন গঠন, উত্তম চরিত্র, ইবাদতের প্রতি যত্ন এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ সম্পর্কে নসিহত করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে দ্বীনি কথাবার্তা ও ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে মধ্যনগর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি জামাত ৪০ দিনের (চিল্লা) দাওয়াতি সফরের উদ্দেশ্যে রওনা হয়। পাশাপাশি কয়েকটি তিন দিনের জামাত উপজেলার বিভিন্ন মসজিদ ও আশপাশের এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বের হয়। এসব জামাত এলাকার সাধারণ মানুষের সঙ্গে দ্বীনি কথাবার্তা বলবেন, নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন এবং ইসলামের মৌলিক শিক্ষা প্রচারে কাজ করবেন।
আয়োজকরা জানান, তাবলিগ জামাতের এ দাওয়াতি কার্যক্রমের মূল লক্ষ্য মানুষের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করা, নামাজের প্রতি উদ্বুদ্ধ করা এবং ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ প্রচার করা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।




