সিলেটের এয়ারপোর্ট থানাধীন মংলিপাড়াস্থ ‘মাদরাসাতুল মদিনা ও খাদিজাতুল কুবরা (রাঃ)’-এর অভিভাবক সমাবেশ এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম। শিক্ষক আশরাফুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন গ্রিস মসজিদের ইমাম, খতিব ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা ফখরুদ্দীন মোবারক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আমিনুল হক, মাস্টার আব্দুল্লাহ হেলাল, মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক তাহের আহমদ, হাফিজ গৌছ উদ্দিন এবং রুহুল আমিন।
এছাড়া অনুষ্ঠানে মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ চরিত্রে ভূষিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সুশিক্ষা অর্জন ও চরিত্র গঠনের নানাবিধ দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।
আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় কাঙ্ক্ষিত পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
পরিশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি রিনা বিবি এবং দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে বর্ণাঢ্য এই আয়োজনের।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরু থেকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদরাসাতুল মদিনা ও খাদিজাতুল কুবরা (রাঃ)’ অসংখ্য হাফেজে কোরআন তৈরির পাশাপাশি ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটিকে আরও উন্নত ও সময়োপযোগী করে গড়ে তুলতে মাদরাসা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




