শিক্ষা

পাস ১৭ ফেল ২৩: গলাচিপার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ফলে বিপর্যয়

তাইজুল ইসলাম:
তাইজুল ইসলাম:
পটুয়াখালী প্রতিনিধি · মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ · ১:৪৬ এএম

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে।
চলতি বছর মোট ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ১৭ জন, আর অকৃতকার্য হয়েছে ২৩ জন। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪২ দশমিক ৫ শতাংশে।

ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন জঘন্য ফলাফলে চরম ক্ষোভ, হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
​স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ও কার্যকর পাঠদান না হওয়ায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের বাধ্য হয়ে কোচিং ও প্রাইভেটনির্ভর হতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের কিছু শিক্ষক শ্রেণি কার্যক্রমে মনোযোগী না হয়ে শিক্ষার্থীদের নিজেদের কাছে প্রাইভেট বা কোচিং পড়তে উৎসাহিত করেন। ফলে নিম্নআয়ের পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টির পাশাপাশি শিক্ষার সার্বিক গুণগত মান তলানিতে গিয়ে ঠেকেছে।

​অভিভাবকরা আরও জানান, পুরো শিক্ষাবর্ষ জুড়ে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নত করে বিশেষ সহায়তা প্রদান, উপস্থিতি তদারকি ও একাডেমিক মূল্যায়নে চরম গাফিলতি ছিল।

৪০ জনের মধ্যে ২৩ জন ফেল করা কেবল শিক্ষার্থীদের ব্যর্থতা নয়; এটি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের অদক্ষতাকেই নির্দেশ করে। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে না আনলে ভবিষ্যতে ফলাফল আরও ভয়াবহ রূপ নেবে বলে তাদের আশঙ্কা।
​সার্বিক বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাছলিমা বেগমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​ফলাফল বিপর্যয়ের কারণ উদ্ঘাটনে শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ