সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি খুব শিগগিরই ঘোষণা হতে পারে। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা যুবদলের বর্তমান সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের বিভিন্ন কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন সামরুল ইসলাম। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কর্মসূচির পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচিতেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে।
সামরুল ইসলাম জানান, তিনি সিলেট জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক এবং সিলেট মহানগর ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজনীতিতে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
দলীয় আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার কারণে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে সামরুল ইসলামকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
তৃণমূলের কয়েকজন নেতাকর্মী বলেন, সংগঠনের জন্য মাঠে সক্রিয়, ত্যাগী এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে—এমন নেতাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলে জেলা যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে। তাদের মতে, সামরুল ইসলাম দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকায় সাংগঠনিক সম্পাদক পদে তিনি অগ্রাধিকার পাওয়ার দাবিদার।
সামরুল ইসলাম বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি কাজ করতে চান।




