শিক্ষা

মহিলা দ্বীনি শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হলেন শায়খ হিফজুর রহমান শায়খে বাসুরী

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ · ১১:১৮ পিএম

 

আধ্যত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, অলিকুল শিরোমণি কুতবে বাঙাল শায়খে কাতিয়া (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা ও দ্বীনি শিক্ষার আলোর দিশারী শায়খ হাজী এমদাদুল্লাহ (রহ.)-এর ইন্তেকালে ‘মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ’-এর অভিভাবকত্বে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা পূরণে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম ও রুহানি ব্যক্তিত্ব হযরত মাওলানা হিফজুর রহমান শায়খে বাসুরী।

গত ১০ সেপ্টেম্বর শায়খ হাজী এমদাদুল্লাহ (রহ.) পরলোকগমন করলে শিক্ষাবোর্ডের সভাপতি পদটি শূন্য হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভাতগাঁও দারুল উলূম ছুরতুন নেছা মহিলা মাদ্রাসায়, বোর্ডের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘মজলিসে শূরা’-এর এক জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বোর্ডের সম্মানিত শূরা সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বোর্ডের সার্বিক কার্যক্রম গতিশীল রাখতে এবং শিক্ষার অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে হযরত মাওলানা হিফজুর রহমান শায়খে বাসুরী (দা.বা.) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বোর্ডের গুরুদায়িত্ব পালন করবেন।

মাওলানা হিফজুর রহমান শায়খে বাসুরী একজন দূরদর্শী ও প্রবীণ আলেমে দ্বীন। তাঁর যোগ্য নেতৃত্ব ও রুহানি অভিভাবকত্বে মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ কওমি নারী শিক্ষার বিকাশ, নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন এবং দ্বীনি দাওয়াতের প্রসারে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শূরা সদস্য ও সর্বস্তরের ওলামায়ে কেরাম।।

সম্পর্কিত সংবাদ