জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে তরুণ সমাজ ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সম্পন্ন হয়েছে। কাজিহাটা লাজনাতুন নূছরা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
১১ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন। এতে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরেছেন এলাকার সর্বস্তরের ২৮০ জন মানুষ।
সংস্থার এই মানবিক আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ‘হিউম্যান অব সোশ্যাল ওয়েলফেয়ার’-এর এডমিন হাফিজ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য গুলজার আহমদ এবং ‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন সিলেট’-এর এডমিন মুহিবর রহমান সুয়াইব।
উদ্বোধনী ও সমাপনী পর্বে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ, সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদ, সেক্রেটারি আব্দুল কাদির, সহ-সেক্রেটারি আব্দুল কাদির কিবরিয়া, প্রচার সম্পাদক গুলজার আহমদ, সহ-প্রচার সম্পাদক আলী নূর, অর্থ সম্পাদক আহসান হাবিব এবং নির্বাহী সদস্য জসিম উদ্দিন, রুহুল আমিন, জামিল আহমদ, মামুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাম্পেইন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সংস্থার সভাপতি মাওলানা কামরুল ইসলাম বলেন:
”মানুষের জীবনের তাগিদেই রক্তের প্রয়োজন। মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং সামাজিক সকল কাজে আমরা সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
ক্যাম্পেইনে আসা সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন। প্রত্যন্ত এলাকায় নিয়মিত এ ধরনের মেডিকেল ও সামাজিক ক্যাম্প আয়োজনের দাবি জানান তারা। সংগঠনটির দায়িত্বশীলরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।




