ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫নং রতনদী তালতলী ইউনিয়নে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতা ও সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হবে।
১২ সেপ্টেম্বর শনিবার ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে জমে থাকা পানি অপসারণে উৎসাহিত করা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, লিফলেট ও পোস্টার বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ, করণীয় এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
এলক্ষ্যে ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ৫নং রতনদী তালতলী ইউনিয়নকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা।
সচেতনতামূলক প্রচারণায় বলা হচ্ছে— “নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি—ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসি।”




