◑শান্তি◑
জোনাকির দল জেগে আছে শুধু তোমার ঘুমের তরে;
স্বর্গের সুখে ঘুমিয়ে থেকো আমার বুকের ঘরে।
◑রক্ত খেকো◑
নেতা বলে সেবা করবো, আসলে করে ধোঁকা,
জনগণের রক্ত খেয়ে পেট বানায় মোটা।
◑ভবের পূজারী◑
আগে ছিলো বাবার পূজারী, এখন দেখি মা-ছেলের পূজারীরা ও এসেছে-
সব পূজারীরা যদি এক হয় দেশটাকে কিভাবে এগোতে হয় — জানা আছে কি কারো?
◑অবাক দর্শক◑
একজন এসে রাজনৈতিক আলাপের আদেশ দেন, আর এই দিকে– ড. উপাধির লোকটা চেয়েই থাকেন!
বাহির থেকে পাগলটা চেয়েই রইলো?
যেন কিছুই হচ্ছে না।
◑স্বপ্ন◑
চোখ বোজো তুমি, আমি হব এক নিশাচর প্রহরী; বাতাসের গন্ধে মায়া বুনে দেব সারা রাত হাত ধরি।
◑সংকট◑
তোমারে দেখবো বলে দূর অব্দি তাকিয়ে থাকি, কিন্তু-
তোমারে দেখা ফের সংকট।
◑মিনতি◑
আপনার কপালের সামনে পড়ে থাকা চুল আপনি বিরক্ত হয়ে কানের পাশে যেভাবে গুঁজে রাখেন— দয়া করে, ঠিক সেভাবেই আমাকে আপনার মনের ভেতরে গুঁজে রাইখেন। বিরক্তিকর হলেও, একেবারে ফেলে দিয়েন না।
◑স্বাধীনতা◑
পাখিটিকে খাঁচা থেকে মুক্তি দেওয়া হলো, কিন্তু তার ডানা দুটো আগেই মিউজিয়ামে জমা রাখা হয়েছিল।
◑টেন্ডার ভোট◑
কেন্দ্রে গেলাম ভোট দিতে, ভোট হইলো চুরি,
ফেরার পথে দেখলাম উৎসব—কিন্তু নীরব সবই।
আঙুলে কালি রইল শুধু স্মৃতির মতো দাগ,
ফল ঘোষণার আগেই লেখা ছিল জয়ের ফ্লাগ।
◑আবেদন◑
প্রিয় ইবতিদা…
আপনার কাছে ছোট্ট এক খানা দরখাস্ত অর্পন করছি যে,
অতি সংকীর্ণ জীবনে আমাকে একটুখানি ভালোবাসার অনুরোধ রইলো।
ইতি
তোমার ভালোবাসা না পাওয়া এক বেহায়া।
~মোতাহির আলী কাইজার




