সাহিত্য

তোমার না পড়া চিঠির ভাঁজে◑মেরিন হক

~মেরিন হক
~মেরিন হক
কবি ও প্রাবন্ধিক · বুধবার, ২১ অক্টোবর ২০২৬ · ২:৩৩ এএম

 

আমি তোমার কে?
তুমি আমার কে?
এই মায়াময় মিঠে জোছনা জানে?
জানে কি হিমছোঁয়া
প্রথম হেমন্তের রাত—
বুকের গহিনে জমে থাকা
অনুচ্চারিত কথার কর্ণপাত?
জানি না, কে কতটুকু জানে,
তবু হৃদয়ের গোপন প্রবাহ
তোমারই ঠিকানা টানে।

আজও-
ক্রমবর্ধমান স্রোতে,
জাগতিকতার মুখস্থ পথে
মিশে যেতে হয়,
জানো, খুব ইচ্ছে করে—
তোমার অন্তর্লোকে প্রবেশ করে
উন্মোচন করি দখিনা দ্বার,
হিমালয়ের হিমেল পরশ
ছড়িয়ে পড়ুক তোমার শরীরজুড়ে,
আর আমার মরুপ্রখর হদয়
কোমল হোক তোমারই নূরে।

তুমি হেমন্ত
আমি স্নিগ্ধ রোদ্দুর;
সোনাঝরা আলোয়
প্রাণে প্রাণে জাগুক মধুর সুর।
মাঝে মাঝে ইচ্ছে করে
তোমায় লিপিকা বলে ডাকি।

শব্দেরই পথ ধরে তোমায় খুঁজি।
অথচ, আমার শব্দেরা
তোমার হৃদয় ছুঁতে পারে না,
কথারাও তোমার বুকে
সুরের জন্ম দিতে জানে না।
তোমার কি মন চায় নাহৃদয়ের গভীরতা খুলে
আমার কথায় স্বরলিপি হতে-
তবু তোমাকেই লিখে যাই…

কখনো যদি এই আমিটা
পৃথিবীর বুক থেকে হারিয়ে যাই,
দিন ফুরোবে, রাতও নামবে,
জোছনা ঝরবে আগের মতোই;
শুধু এক শব্দপথিকের
অসমাপ্ত কথারা পড়ে রবে
তোমার না-পড়া চিঠির ভাঁজে….

সম্পর্কিত সংবাদ