সাহিত্য

আমি মধ‍্যবয়সী নয়না

-দিলরুবা জলি
-দিলরুবা জলি
কবি ও প্রাবন্ধিক · মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ · ৩:০৫ এএম

 

আমি একজন মা , ছেলেমেয়ে বড় হচ্ছে।
তাই বলে কি আমার মন খারাপ হতে নেই ?
চাহিদা থাকতে নেই ?
কিন্তু আমারও যে ক্লান্তি আসে মনে ,
আমারও যে ধৈর্য্যের বাঁধ ভাঙে …!
আমি মধ‍্যবয়সী নয়না!
তাই বলে কি কাঁটার আঘাতে আমার জ্বলতে নেই ?
কিন্তু আমি তো দগ্ধ হই , পুড়ে ছারখার হই।
তফাত শুধু এই — আগে মায়ের কাছে বলতে পারতাম, ধরতে পারতাম বায়না।
আর এখন যেনো অদৃশ্য শিকলে আটকা ;
কিন্তু আমার যে বড্ড কষ্ট হয় , বুক ফেটে যায়।
খুব ইচ্ছে হয় উড়ন্ত পাখির মতন ডানা মেলে উড়তে।
প্রিয়, আমি বাঁচতে চাই , বাঁচার মতো করে বাঁচতে চাই।
শত আফসোস আর গ্লানিকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে চাই।
আমি মুক্তি চাই সমাজের তৈরি করা কথিত, ঘৃণ‍্য কুসংস্কার থেকে;
জোর কন্ঠে বলতে চাই — আমি চল্লিশে পদার্পণ করা এক নারী।
তাই বলে আমার মনকে অবজ্ঞা করো না।
আমার চাওয়াকে ঠুনকো ভেবো না ,
আমি যে আজও মুখ বন্ধ করে কাঁদি ,
তাই হয়তো তোমরা কেউ তা আঁচ করতে পারো না।

সম্পর্কিত সংবাদ